খুলনা চেম্বারের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা, নির্বাচনী তফসিল প্রণয়নসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে। গত ৫ মে (২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মোঃ শাহীমুজ্জামান। এই বোর্ডের অন্য দুই সদস্য হলেন—সড়ক ও জনপথ (সওজ) খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা জনাব পিযুষ চন্দ্র দে এবং খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জনাব ফারাশিদ বিন এনাম।

অন্যদিকে, নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ ও নিষ্পত্তির জন্য তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জনাব অনিন্দিতা রায়। এই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন—খুলনার উপ-ভূমি সংস্কার কমিশনার জনাব মাশরুবা ফেরদৌস এবং খুলনা বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত-১৫) জনাব এস.এম. মুস্তাফিজুর রহমান।

নবগঠিত এই বোর্ড দুটি খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনের সকল আনুষ্ঠানিকতা, তফসিল ঘোষণা এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সার্বিক দায়িত্ব পালন করবে।